মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী এসি বাস ডিভাইডারের ওপর উঠে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাচ্ছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি দ্রুতগতিতে চলছিল। পদ্মা সেতু উত্তর থানার সামনে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা নেওয়ার পর আহতরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে চলে যান।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।