দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী-গায়িকা শেহতাজ মনিরা। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই তারা বৈবাহিক সম্পর্ক থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪২ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান শেহতাজ। তিনি লেখেন, ‘প্রিতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে শেহতাজ জানান, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা দুজনই কৃতজ্ঞ। সম্পর্কের ইতি টানলেও একে অপরের প্রতি শ্রদ্ধা, যত্ন ও শুভকামনা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা পথে এগোনোটাই দুজনের জন্য ভালো হবে। দীর্ঘ চিন্তাভাবনা ও আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানান শেহতাজ।
তিনি আরও জানান, দুই পরিবারের সমর্থন নিয়েই তারা এখন বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছেন।
একই সঙ্গে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন শেহতাজ। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে সবার সহমর্মিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, প্রীতম হাসান ও শেহতাজ মনিরা ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন। এর আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। শ্রীমঙ্গলের পাহাড় ও চা-বাগানঘেরা পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়েছিল।