ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অনুসৃত পথ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী এলাকায় নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’ কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ফারাক্কা চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা নতুন করে নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। একইভাবে খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।