মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মোছা. রানী বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে পূবাইল থানার কামারগাঁও এলাকায় সোনার বাংলা চ্যারিট্যাবল ফাউন্ডেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রীকালীন টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় নারী পুলিশের সহায়তায় রানী বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ১২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রানী বেগম গাজীপুরের কালীগঞ্জ থানার শিমুলিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে পূবাইলের কামারগাঁও এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।