ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ। বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৩১ দিনের এ কর্মসূচি শেষ হবে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।
সংগঠনটির তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ফাতিমা তাসনিম জুমা বলেন, ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে কর্মসূচির ১৫তম দিনে সাভারে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
সাভার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শেষে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করবে সংগঠনটি।
তিনি জানান, শাহবাগের মহাসমাবেশের পর টেকনাফের উদ্দেশে ‘মার্চ ফর ইনসাফ’ অব্যাহত থাকবে। কর্মসূচির ৩১তম দিনে, অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি হবে।
এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মামলায় কাউকে গ্রেফতার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা সম্ভব—এমন ধারণা সঠিক নয়। ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সরকারকে এ বিষয়ে বার্তা দিতে চায় ইনকিলাব মঞ্চ।