ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়াসহ চলনবিল অঞ্চলে রিভার প্রকল্পের আওতায় নির্মাণাধীন পাঁচটি স্কুল কাম ফ্লাড শেল্টারের কাজ আকস্মিক পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। এ সময় একটি নির্মাণাধীন বিদ্যালয়ে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগে অসন্তোষ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-পাবনা প্রকৌশল বিভাগের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী রিজভী আহমেদ, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের অনুমোদিত ডিজাইন ও শিডিউল অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে কি না এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই করা হয়।
কর্মকর্তারা চলমান নির্মাণকাজে ব্যবহৃত ইটের খোয়ার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে নিম্নমানের ইটের খোয়া ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণস্থল থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বশীলদের কঠোর নির্দেশ দেন।
এ সময় কর্মকর্তারা নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে বলেন, প্রকল্পের নির্ধারিত ডিজাইন, স্পেসিফিকেশন ও শিডিউল অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।