মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকা বিদেশি কসমেটিকস বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিপাহিপাড়া চৌরাস্তা এলাকার এফ এস কসমেটিকস দোকানে বিভিন্ন পণ্য মনিটরিং করা হয়। এ সময় আমদানিকারকের তথ্য ও এমআরপি উল্লেখ না থাকা বিদেশি কসমেটিকস বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই এলাকায় অবস্থিত সুগন্ধা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে খাবার তৈরির পরিবেশে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হয়। এ ছাড়া রান্না করা খাবারও উন্মুক্ত অবস্থায় রাখা ছিল।
এসব অনিয়মের কারণে রেস্তোরাঁটির ম্যানেজার শাহাদাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।