ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছাত্রশিবিরকে ‘মুখে ও হাতে লাগাম লাগানোর’ পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পোস্টে নাছির রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির একটি বক্তব্যকে ‘উসকানিমূলক হেট স্পিচ’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এ ধরনের বক্তব্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অরাজকতার আশঙ্কা তৈরি করতে পারে।
ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নাছির বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে হুমকি দেওয়া হলে তারা তা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, “কেউ আমাদের কোনো নেতাকর্মীর ওপর আঘাত করতে চাইলে আমরা তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে ইতস্তত বোধ করব না।” একই সঙ্গে তিনি ছাত্রশিবিরকে ‘বেপরোয়া’ উল্লেখ করে তাদের ‘মুখে ও হাতে লাগাম লাগানোর’ পরামর্শ দেন।
তবে নাছিরের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে ছাত্রশিবিরের সংশ্লিষ্ট নেতাদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।