বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিদেশে অর্থ পাচারসহ নানা অপরাধ বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশবাসী একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পরও আগের সরকারের সময়কার অনেক অনিয়ম ও অপরাধের ধারাবাহিকতা রয়ে গেছে বলে তিনি দাবি করেন।
দেশে শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সরকার কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বেড়েছে উল্লেখ করে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির।
বুলবুল হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।