স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, ‘সালাহউদ্দিন সাহেব ইজ এ ফেইলড হোম মিনিস্টার।’
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল আলম খান মিলনের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সারাদিন চেষ্টা করেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিভিন্ন এলাকায় হত্যা ও সহিংসতার ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা না নিলে পরিস্থিতির উন্নতি হবে কীভাবে।
চাঁদাবাজির প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে চাঁদাবাজি অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এককভাবে তা বন্ধ করা সম্ভব নয়।
এ সময় স্থানীয় বাসিন্দাদের পাড়া-মহল্লাভিত্তিকভাবে সংগঠিত হয়ে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মিলন।
সভায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, যুবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।