পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে গলাচিপা উপজেলার চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের রাজ্জাক প্যাদার ছেলে অটোরিকশাচালক কাইউম প্যাদা (৫০), একই ইউনিয়নের চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), তার মেয়ে বিথী রানী (২৩) এবং গোলখালী গাবুয়া গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
নিহত চারজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।