বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ১১ দলীয় জোটের ৮ দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কাঠফাটা রোদের মধ্যেও বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে থাকায় ৮ দফা দাবি আদায়ে তাদের প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি বলেন, ‘৮ দফা দাবি না মানলে ১ দফার জন্য প্রস্তুত হন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’
তিনি আরও অভিযোগ করেন, দেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তার ভাষ্য, জুলাইয়ের আন্দোলনের অন্যতম দাবি ছিল রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু এসব দাবি বাস্তবায়ন না করে বিএনপি একচেটিয়া দলীয়করণের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে।
এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে সংসদে এবং রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে।
এরপরও জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প থাকে না। সেই ধারাবাহিকতায় ১১ দলীয় জোট লংমার্চ কর্মসূচি পালন করছে বলে জানান তিনি।
এর আগে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ রওনা হয়ে বিভিন্ন স্থানে পথসভা শেষে ডা. শফিকুর রহমান দুপুরে হাটিকুমরুলের জনসভায় যোগ দেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।