বিএনপি সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার পালানোর জায়গা পেয়েছে এবং তাদের পাশে একটি দেশ রয়েছে। কিন্তু বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করলে বা স্বৈরাচারী পথে হাঁটলে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট (উত্তর) মিলনায়তনে ১৯ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন আজহারুল ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
আজহারুল ইসলাম বলেন, গত ১৬-১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জুলুম, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। পরে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতন ঘটে বলে মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও বিএনপির সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে বিএনপি টালবাহানা করছে। তিনি এটিকে জনগণের রায় বাস্তবায়নে অনীহা হিসেবে উল্লেখ করেন। এ ধরনের অভিযোগ তিনি সাম্প্রতিক কয়েকটি বক্তব্যেও তুলেছেন।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে ক্ষমতার দম্ভে চললে তার পরিণতি ভালো হবে না। জনগণের সঙ্গে থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হবে। কর্মসূচিটি সিরাজগঞ্জ ও বগুড়া হয়ে রংপুরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
দাবি আদায় না হলে সামনে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।