লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে শিক্ষক শরীফ সেটি শিক্ষার্থীদের সামনে হাতুড়ি দিয়ে ভেঙে দেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে একটি নোটিশ জারি করে কর্তৃপক্ষ। ওই নোটিশে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে তা বিনষ্ট করা হবে বলেও জানানো হয়।
শিক্ষক শরীফ বলেন, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষিদ্ধ—এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের তা জানানো হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে ভেঙে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরাও সতর্ক হয়।
ফোন ভাঙার সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পরবর্তীতে ফোন আনতে চাইলে এই ঘটনার কথা মনে রেখো।’
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল ফোন প্রকাশ্যে ভেঙে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বললেও, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য ও যথাযথ পদ্ধতি অনুসরণের পক্ষে মত দিয়েছেন।