সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাত কিংবা নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। তাঁর দাবি, কমিশনের নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে কি না—এমন প্রশ্নে দুদক সচিব বলেন, কমিশনের কোনো অনুসন্ধানেই ব্যক্তিগতভাবে কাউকে লক্ষ্যবস্তু করা বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিয়ম অনুযায়ী যেসব অভিযোগ সামনে আসে, সেগুলো নিয়েই কাজ করা হয়।
সাইদুর রহমান খান বলেন, দুর্নীতি দমন কমিশন পাঁচ মাসের বেশি সময় কার্যকর ছিল না। ফলে বেশ কিছু বিষয় জমে রয়েছে। বর্তমানে সেসব অভিযোগ নিয়ে কাজ চলছে এবং আরও কিছু বিষয় অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও সামনে আনা হবে বলে জানান তিনি।
এর আগে রোববার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং নিয়োগ, পদায়ন ও বদলিতে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
তবে আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে দুদকের এই অনুসন্ধান সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। দুদক সেই অভিযোগ নাকচ করে বলছে, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই অনুসন্ধান চলছে।