মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে মো. সুমন সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পুলিশ সুপার মো. মিনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে গজারিয়া থানার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় রিনা বেগম (৩২) নামে এক নারীর লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত রিনা বেগমের সঙ্গে তার স্বামী সুমন সরকারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কলহ হতো। এর আগে স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগও রয়েছে সুমনের বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে সুমন বাড়িতে ফিরে স্ত্রীকে খাবার পরিবেশন করতে বলেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সুমন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
হত্যাকাণ্ডের পর ভোররাতে সুমন বাড়ি থেকে বের হয়ে কুমিল্লার দিকে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লার দিকে যাওয়ার সময় টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন সরকার গজারিয়া উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।