সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘এ রকম ডিসেম্বর মাস আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের নাকি ২০৫০ সালের ডিসেম্বর, এটা ক্লিয়ার করেন। হুমকি-ধমকি দিয়ে গণতান্ত্রিক ধারাকে বিঘ্ন করা যাবে না।’
শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে আসবেন, সেটিও ঘোষণা করার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার প্রাণহানি এবং বিগত ১৭ বছরের গুম-খুনের অভিযোগ তুলে দুলু বলেন, এসব ঘটনার বিচার হবে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।
বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে কাজ করছেন। কৃষিঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার উদ্যোগকে সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।
সভায় সংসদ সদস্য মাহমুদা হাবীবাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।