জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় যেতে শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, বর্তমানে শেখ হাসিনা ও জামায়াত আমিরের বক্তব্যের ভাষার মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ঝিনাইদহের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রীকে ভারত সরকারের পক্ষ থেকে যেভাবে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, একইভাবে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানানো হলে তিনি অনেক আগেই দিল্লি গিয়ে বসে থাকতেন।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে—তারা কীভাবে রাষ্ট্রকে অশান্ত করে এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ কীভাবে আবার ফিরে আসতে পারে।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান, অন্যদিকে জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়। এ দুই বিষয়কে কাকতালীয় হিসেবে দেখছেন না তিনি। তার দাবি, এর পেছনে কোনো না কোনো চক্রান্ত রয়েছে।
জামায়াতের রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, একটি লংমার্চ শেষ করার পর দলটি আবারও আরেকটি লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে।
এ পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, নিজেদের স্বার্থে জামায়াত তার শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।