পানিসম্পদ মন্ত্রী মো. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশ হয়েছে। তা ছিল প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি।
আগামী বছরের যেকোনো সময় প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি অর্থনৈতিক বিপ্লবের জন্য একটি মাস্টারমাইন্ড মেগা প্রজেক্ট। এই প্রজেক্টটি বাস্তবায়নের মাধ্যমে ২৪টি জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে।
কৃষি বিপ্লব ঘটবে। এখানে বিদ্যুৎ উৎপাদন হবে। মাছের চাষ ও ফসল উৎপাদন বৃদ্ধিসহ অনেক কিছু বৃদ্ধি পাবে।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গা চুক্তির গ্যারান্টি ক্লোজ একমাত্র জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা স্বার্থ তিনি নিশ্চিত করেছেন। একইভাবে বেগম খালেদা জিয়া পানি সম্পদ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তনে সচেষ্ট ছিলেন।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় ,ইশতেহারে পানিসম্পদ ব্যবস্থাপনায় তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা ব্যারেজ হোক প্রধানমন্ত্রী তা চেয়েছেন। বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী বৈপ্লবিক পরিবর্তন সাধন করছেন। আজকে পদ্মা ব্যারেজের যে প্রকল্প শুরু হলো ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনা হবে।