প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ, চিন্তাধারা ও দেশের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, দেশের জন্য প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।
এমপি হানজালা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার যে মন-মানসিকতা—আমরা দেখতে পাচ্ছি, বিগত দিনে সে জিনিসগুলো কখনো দেখতে পাইনি। দেশের জন্য তার এই চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।’
তবে প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূল পর্যায়ে সবাই ধারণ করতে পারেননি বলে মনে করেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, ‘আপনার মধ্যের সেই চিন্তাধারাটা তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো ধারণ করতে পারেননি। এজন্য অনেক অন্যায়-অবিচার হয়তো হয়ে থাকে।’
প্রধানমন্ত্রীর চিন্তা ও পরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, তা জানতে চান এমপি হানজালা।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি তার কাছে পুরোপুরি পরিষ্কার নয়। এ বিষয়ে আগে নোটিশ দেওয়া হলে প্রস্তুতি নিয়ে বিস্তারিত উত্তর দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি যদি আমাকে একটু নোটিশ দেন। আমি ফুললি প্রিপেয়ার হয়ে এর উত্তর দেব।’
পরে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে সরকারের যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগেই তাদের নির্বাচনি পরিকল্পনায় তুলে ধরেছিল।
সরকার গঠনের পর আরও বেশি তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে আগের পরিকল্পনাগুলো আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছে সরকার।