প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয় সংসদের সব সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলাকালে নামাজ আদায়ের জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়। অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ থাকায় তাদের জামাতের সঙ্গে নামাজ আদায় করা উচিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রীও জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চান। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারেন না।
নামাজের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘আমরা সবাই একদিন মরে যাব। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে।’
নিজেদের নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি দেশে নামাজ কায়েমের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের পাঁচ বছর বয়স থেকেই নামাজের প্রশিক্ষণ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, সন্তানের বয়স ১০ বছর হলে তাকে নামাজ আদায়ে তাগিদ দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাতের বিধান চালুর দাবি জানান তিনি।
অধ্যাপক মুজিবুর রহমানের মতে, নামাজের বিধান কায়েম করা হলে দেশের নাগরিকদের চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
তার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, এটা তো একটা ধর্মীয় ব্যাপার। এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে নিজ নিজ ধর্ম পালন করার জন্য।’
ইসলামকে মানবতার ধর্ম উল্লেখ করে স্পিকার বলেন, ধর্মীয় বিধান সম্পর্কে সংসদ সদস্যরা অবগত আছেন। তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।