রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি সিলেটে পৌঁছাবেন।
রাষ্ট্রপতির সফর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
সভায় রাষ্ট্রপতির সফরসূচি, নিরাপত্তা, যাতায়াত ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সভায় অংশ নেন।