পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নারী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) গলাচিপা থানার এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লার টিনশেড ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ মো. নাহিদ মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বড় চরকাজল গ্রামের মো. ইদ্রিস মোল্লার ছেলে।
অপরদিকে, একই দিন গলাচিপা থানার এসআই মো. মাসুদুর রহমান রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাজেরার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ২০ গ্রাম গাঁজাসহ মোসা. হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাচ্চু মাতুব্বরের স্ত্রী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী পৃথক মামলা করা হয়েছে। নাহিদ মোল্লার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা নম্বর-১১৯, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ এবং হাজেরার বিরুদ্ধে মামলা নম্বর-২১, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ রুজু করা হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।