সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সিন্ডিকেট বন্ধের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১২ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কৃষকদের এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে এবং তীব্র ভোগান্তিতে পড়েন পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা।
ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে চাহিদা অনুযায়ী বাজারে সার পাওয়া যাচ্ছে না। এতে তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না, যা তাদের ফসলের উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। তারা বাজারে অসাধু ব্যবসায়ীদের সার সিন্ডিকেট ভেঙে ফেলা এবং অবিলম্বে দৈনন্দিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।
অবরোধের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তারা আন্দোলনরত কৃষকদের সাথে কথা বলেন এবং উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে প্রায় এক ঘণ্টা পর কৃষকরা সড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সার সংকটের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, “এ এলাকায় সারের কোনো সংকট নেই।”