দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে এখনো দুই হাজারের বেশি শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, আইনি সংজ্ঞা অনুযায়ী সরকারি কোনো বাহিনী কিংবা তাদের অনুমোদন বা সমর্থনে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হলে সেটিকে গুম বলা হয়। শিশুদের হারিয়ে যাওয়া বা নিখোঁজের ঘটনাগুলো সরাসরি গুমের আইনি সংজ্ঞার মধ্যে পড়ে না। তবে আইনি সংজ্ঞায় গুম না হলেও বিপুলসংখ্যক শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
নিখোঁজ শিশুদের পরিবারের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, সন্তানহারা পরিবারগুলো একত্রিত হয়ে সভা-সমাবেশ করছে। রাজপথে দাঁড়িয়ে তারা বলছে, ‘আমাদের সন্তানদের আমাদের কোলে ফিরিয়ে দিন।’
তবে এত বিপুলসংখ্যক শিশু নিখোঁজ হওয়ার পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।
সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রুমিন ফারহানা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। তিনি প্রতিনিয়ত পত্রিকা পড়ার সময় পান কি না, দেশের সার্বিক খবর রাখার সময় পান কি না, আমি জানি না।’ এ কারণেই বিষয়টি সংসদে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শিশু নিখোঁজের পেছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করার দাবি জানিয়ে রুমিন বলেন, প্রতিনিয়ত এত শিশু কোথায় হারিয়ে যাচ্ছে, তারা কোনো আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের শিকার হচ্ছে কি না কিংবা কোনো অপরাধী চক্রের হাতে পড়ছে কি না—তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
তিনি বলেন, সন্তান হারানোর পর বাবা-মা ও স্বজনরা দিনের পর দিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই নিখোঁজ শিশুদের কোনো সন্ধান মিলছে না।
রুমিন ফারহানা বলেন, নিখোঁজ প্রতিটি শিশুর অবস্থান শনাক্ত করা, তাদের উদ্ধার এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শিশু নিখোঁজের ঘটনাগুলোর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট কাজ করছে কি না, তা খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দ্রুত একটি বিশেষ তদন্ত দল গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে নিখোঁজ শিশুদের উদ্ধারে দেশব্যাপী কার্যকর অভিযান চালানোর আহ্বান জানান রুমিন ফারহানা।