সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পর পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দরের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পণ্য কিনতে ব্যবসায়ীরাও বন্দরে আসতে শুরু করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী একটি ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, ভারতের অভ্যন্তরে ব্যবসায়িক জটিলতার কারণে দেশটির রপ্তানিকারকরা গত ৩১ আগস্ট থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পর সমস্যার সমাধান হওয়ায় শনিবার থেকে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়।
সেখানে হিলি স্থলবন্দরের অবকাঠামো এবং বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সংগঠনটি।
বিকাশ মণ্ডল আরও জানান, ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বালুরঘাট সফর করেন। এ সময় প্রশাসনিক বৈঠকে হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, দুই দেশের বাণিজ্য সহজীকরণ এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। তার বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে ধর্মঘট প্রত্যাহার করায় শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।