ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার ‘চোরাবালিতে’ আটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, সরকার এখন যত বেশি নড়াচড়া করছে, ততই আরও গভীরে তলিয়ে যাচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রামের লালদিঘি ময়দানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শনিবার বিকেলে তারেক রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করছে এবং তাদের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে।
এর জবাবে সারজিস বলেন, ‘আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা কোনো অরাজকতা শুরু করিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে আপনারাই গত ছয় মাসে লুটপাট শুরু করেছেন। অরাজকতা আপনারাই শুরু করেছেন।’
গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে এবং আইনের অপব্যবহার করে বিরোধীদের দমনের চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত।
নিজেদের ব্যর্থতা ও অরাজকতা থেকে মানুষের দৃষ্টি সরাতে বিরোধীদের ওপর দায় চাপানোর রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর গ্রহণ করে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
বিএনপির অতীতের আন্দোলনের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছিল। কিন্তু তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি। যে দল আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং সরকার ও বিরোধী দল—দুই অবস্থানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই।
বিএনপি সরকারের বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে বিএনপির সরকার এমন চোরাবালিতে পড়ে গেছে, এখন যতই নড়াচড়া করছে ততই ভেতরের দিকে তলিয়ে যাচ্ছে। আপনারা নিজেদের ঠিক করুন, ছাত্রদল ও যুবদলকে ঠিক করুন।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস বলেন, ‘এমন এক যুগে বাংলাদেশ এসেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। এর চেয়ে নির্লজ্জতার আর কিছু হতে পারে না।’