রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুমিল্লার মেঘনা উপজেলা চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলেমিশে কাজ করলেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের চারটি উপজেলায় প্রয়াত এম কে আনোয়ারসহ বিএনপি নেতাদের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতের উন্নয়নমূলক কার্যক্রমও সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে হবে।
দলের সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে ছাত্রবিষয়ক দায়িত্ব ও যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হন। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করছেন বলেও জানান।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণ করেন।
দলের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, দুটি জায়গায় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সহযোগিতায় তার অবসান হয়েছে।
তিনি বলেন, “অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সবাইকে মিলেমিশে রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজ করতে হবে।”
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনির সভাপতিত্বে এবং সদস্যসচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।