জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই ‘আওয়ামী লীগের বয়ান’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে—বিষয়টি শুধু এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।”
দেশে ভিন্নমতের মানুষের ওপর সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা, খানকায় জবাইয়ের ঘটনা এবং বাউলদের ধরে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও কথা বলেন সাবেক এই প্রেস সচিব। তিনি বলেন, বাংলাদেশ এখনো সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশে পরিণত হতে পারেনি। অতীতেও সেই জায়গায় পৌঁছানো যায়নি, বর্তমান সময়েও পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অনেকে এই সরকারকে কটাক্ষ করে মজা পান। তবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।