সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রির আওতায় সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে ওয়াশিংটন। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে থাকবে মার্কিন উড়োজাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা বোয়িং।
এ ছাড়া সৌদি আরবের কাছে প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে থাকবে হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদারেও এগুলো ভূমিকা রাখবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মিত্রদেশের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সৌদি আরবের সমন্বয় আরও বাড়বে বলে আশা করছে ওয়াশিংটন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
সূত্র: মিডল ইস্ট আই
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?