জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আগামীকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সামনে রেখে এ আহ্বান জানান তিনি। কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন এনসিপির এই নেতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চের সূচনা সমাবেশের জন্য নির্মাণাধীন মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।
পরিদর্শনের সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা সমাবেশস্থল ঘুরে দেখার পাশাপাশি মঞ্চ নির্মাণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন।
আয়োজকদের তথ্যমতে, শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় জনগণের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিবাদন কর্মসূচিও থাকবে।
লংমার্চের শেষ পর্যায়ে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
আয়োজকরা জানিয়েছেন, ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।