মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুরের শ্রী শ্রী নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রম কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বাণীর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, আরিফুজ্জামান আরিফ সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি এবং আরো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শাহজাদুপর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী কমল শাহ মিন্টুর নেতৃত্বে বড় একটি মিছিল শোভাযাত্রায় যোগ দেয়।
ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল অধর্ম বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। তাঁর আদর্শ ও বাণী আজও মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রেরণা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।