নেত্রকোনা প্রতিনিধি
অন্যায়, অনিয়ম ও দুর্নীতির তথ্য পেলে তা সংবাদমাধ্যমে প্রকাশের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাক্স্বাধীনতার নামে অপতথ্য ছড়িয়ে কাউকে হেয় না করার পরামর্শ দিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ অন্যায়, অনিয়ম কিংবা দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে হবে। তবে বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে অপতথ্য প্রকাশের মাধ্যমে কাউকে হেয় করা উচিত নয়। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডেও জড়ানো যাবে না।
বর্তমানে গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য অনেক পেশার মতো সাংবাদিকতায় অবসর ভাতার ব্যবস্থা নেই। এ কারণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বর্তমানের তুলনায় তিন গুণ বাড়ানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, আর্থিক সহায়তার জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। যথাযথ যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের সহজে সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।
সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিক রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। তবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় কোনো দলের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী। সেখানে এসএসসি ও দাখিল পর্যায়ের ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।