নেত্রকোণার মদন পৌরসভায় প্রায় দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে শত শত ডাস্টবিন। জনগণের ব্যবহারের জন্য বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলো ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত পৌর কর্মকর্তার কাছে জবাবও চান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বাবর। এরই অংশ হিসেবে মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে সেখানে জরাজীর্ণ পরিবেশ এবং স্তূপ করে রাখা বিপুলসংখ্যক ডাস্টবিন দেখতে পান তিনি।
ডাস্টবিনগুলো কবে পৌরসভায় আনা হয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালে এগুলো পৌরসভায় পৌঁছায়। এ তথ্য শুনে ক্ষোভ প্রকাশ করেন বাবর। দীর্ঘ সময় পার হওয়ার পরও কেন ডাস্টবিনগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়নি, তা জানতে চান তিনি।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে বাবর বলেন, “সরকার পরিবর্তনেরও দুই বছর পার হয়ে গেল, অথচ এগুলো মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। দুই-আড়াই বছর ধরে কেন এভাবে ফেলে রেখেছেন? আপনার সমস্যাটা ঠিক কোথায়?”
পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবনের এমন বেহাল অবস্থার কারণ জানতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন বাবর। একই সঙ্গে কর্মকর্তার দায়িত্ব পালন ও কর্মস্থলে উপস্থিতি নিয়েও জবাবদিহি চান তিনি।
দিনভর মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন লুৎফুজ্জামান বাবর। সভায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে কর্মকর্তাদের সরাসরি প্রশ্ন করেন তিনি। পাশাপাশি চলমান উন্নয়নকাজের অগ্রগতির বিষয়েও খোঁজখবর নেন।