রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি বেড়েছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ ও বিশেষ অভিযান পরিচালনার দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াতের সংসদ সদস্য সালাহ উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার।
সালাহ উদ্দিন বলেন, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় নারী শিক্ষিকার মৃত্যু, ধানমন্ডিতে প্রকাশ্যে ৩৯ লাখ টাকা ছিনতাই এবং মুগদা ও যাত্রাবাড়ীর সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরেন তিনি।
গ্রামাঞ্চলেও চুরি ও ডাকাতি বেড়েছে দাবি করে এই সংসদ সদস্য বলেন, লোডশেডিংয়ের সুযোগ নিয়ে গাড়ি ও বাড়িতে চুরিসহ বিভিন্ন অপরাধ ঘটছে। মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানোর আহ্বান জানান সালাহ উদ্দিন। প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনারও দাবি জানান তিনি।
অন্যদিকে সাবিকুন্নাহার রাজধানীসহ বিভিন্ন শহরে ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, পথচারীদের জন্য তৈরি ফুটপাত অনেক জায়গায় দোকান ও বাণিজ্যিক স্থাপনার দখলে চলে গেছে। ফলে মানুষ সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংগঠিত চাঁদাবাজির চক্র গড়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিভিন্ন এলাকায় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা আদায় করে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে।
চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ দাবি করেন জামায়াতের এই সংসদ সদস্য।