দুই দিনের সরকারি সফরে আগামী ৬ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। তার আগমন ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছানোর পর জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর শহরের সেনুয়া গোরস্থানে বাবার কবর জিয়ারত করবেন তিনি। পরে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির দুই দিনের সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।