আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি দেওয়ার পর হাসিনুর রহমান বলেন, তারা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন। গুমের ঘটনাসহ বিভিন্ন বিষয় স্পিকারকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের বক্তব্যের সঙ্গে কোনো দ্বিমত করেননি। এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও স্পিকার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করার দাবি জানানো হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়।
পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন।