প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি নয়। একই সঙ্গে ২০২৪ সালের আগে অনলাইনে জনগণের পক্ষে কথা বলা তারেক রহমানও এখন আর আগের অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর ক্ষমতা আরও কেন্দ্রীভূত করা, সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের রাজনীতির পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ হয়তো তাদের সময়ে পোষ্য জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে পেয়েছিল। কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে বিএনপি কোনো পোষ্য বিরোধী দল পাবে না। বিএনপির প্রেসক্রিপশনে সংসদে বা রাজপথে এনসিপি কোনোদিন কথা বলবে না।
তিনি আরও বলেন, এনসিপি আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ অঙ্গসংগঠনের কমিটি গড়ে তুলবে। সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে ২০৩১ সালে জনগণের রায় নিয়ে এনসিপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।