‘কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সরকার তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল অন্যতম প্রধান বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা অর্জন সম্ভব।
আল-কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহানবী (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ তাঁকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। মহানবী (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি আন্তরিকভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকেও দূরে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন দেখিয়েছে, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।
প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা পাওয়া যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
আলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।