স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সরকারের জন্য ছয় মাস খুব বেশি সময় নয়। তবে এই সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছেন।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, পলাশে গত ১৭ বছরে জনগণের কল্যাণে যে কাজগুলো হয়নি, গত ছয় মাসে তার চেয়েও বেশি উন্নয়ন করা সম্ভব হয়েছে। দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তা, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগ তারেক রহমানের রাষ্ট্রীয় নীতির অংশ এবং সেই নীতির ফলেই এসব কাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে যে কার্যক্রম পরিচালনা করছেন, তার মাধ্যমে ইসলামের আদর্শ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসরণের চেষ্টা করা হচ্ছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার ভিত্তিও রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
মঈন খান বলেন, নতুন এসব উদ্যোগের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় মানবিক ও জনবান্ধব নীতি প্রতিষ্ঠা করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন,
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন।
এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।