আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
তিনি বলেন, একই সময়ে বিভিন্ন রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক ঘটনায় বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা অনেক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষাব্যবস্থায় নেওয়া বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ ও আন্দোলন করেছিলেন। তাদের আন্দোলনের মুখে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে বর্তমানে শিক্ষাব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে। এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা কি দলবাজি করছেন?’
তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে দেশের যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারের দ্রুত নজর দেওয়া প্রয়োজন।সমাজকে সুরক্ষিত রাখতে প্রযুক্তির ব্যবহারে সচেতনতা ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।