আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মহর আলী মান্না (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, এ হত্যা মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এছাড়া তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে মামলার ৪ নম্বর আসামি মো. মমিন উল্লাহ (৫০) ও ৫ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (২৪)কেও এর আগে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জুন রাতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে ফাহিম। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।