গলাচিপা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া গলাচিপার মো. সাকিবকে (১৮) পুনরায় মাদক সেবনের সময় গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মো. সাকিব (১৮), পিতা—মো. নয়ন হাওলাদার, মাতা—জরিনা বেগম। তিনি গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
২২ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুনরায় মাদক সেবনকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গলাচিপা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে সাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
উল্লেখ্য, এর আগে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।