রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধি:
দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের অন্যতম বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, “সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় সেই সম্মান কেড়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন ও সজ্জন রাজনীতিবিদ। তিনি দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র কেবল নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।