মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় করা অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে সাবরিনা (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার ডিএমপির কামারাঙ্গীরচর, লালবাগ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী উপজেলার সোনামদ্দিন বন্দর এলাকার বোয়ালিয়া গ্রামের মো. ফজলুল করিম খানের ছেলে আলী আহমেদ খান সোহাগ (৪৫) এবং একই এলাকার নাছরিন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) সামাদ শেখসহ পুলিশের একটি দল তথ্যের ভিত্তিতে কামারাঙ্গীরচর, লালবাগ ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৬)-এর ৭ ও ৩০ ধারায় করা পূবাইল থানার মামলা নম্বর ৯ (০৮) ২৬-এর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে মামলার ভুক্তভোগী সাবরিনাকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার কিশোরী ও গ্রেপ্তার দুই আসামিকে থানায় আনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শনিবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।