বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান জারদারি। অভিনন্দনবার্তায় তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং দেশটির জনগণের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক বন্ধনের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান আসিফ আলি জারদারি। তার আশা, এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।