বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার জামাতা ও লেখক-গবেষক ফাহাম আবদুস সালাম। একই সঙ্গে মির্জা ফখরুলকে ‘দায়িত্বশীল বড় ছেলে’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) ভোরে নিজের ফেসবুক পোস্টে মির্জা ফখরুলকে নিয়ে দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন ফাহাম। সেখানে তিনি জানান, প্রায় ২২ বছর ধরে মির্জা ফখরুলকে চেনেন তিনি।
মির্জা ফখরুলের দায়িত্বশীলতার প্রশংসা করে ফাহাম বলেন, তার জীবনে এমন দায়িত্বশীল মানুষ খুব কমই দেখেছেন। পরিবারের বড় ছেলের মতো তিনি সবসময় অন্যদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের প্রয়োজনের আগে পরিবারের অন্যদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়াই তার স্বভাব বলে উল্লেখ করেন ফাহাম।
তিনি আরও বলেন, নিজেকে কাজে লাগানোর প্রবল মানসিকতা মির্জা ফখরুলের মধ্যে রয়েছে। যেকোনো পরিস্থিতিতে তিনি নিজেকে কাজে ব্যস্ত রাখতে চান। এমনকি ছুটি কাটাতে ক্যানবেরায় গেলেও ঘরের কাজ শুরু করে দেন। ফাহামের মতে, মির্জা ফখরুলের সাফল্যের অন্যতম কারণ তার এই কর্মপ্রবণতা ও ভদ্র আচরণ।
পোস্টে ৫ আগস্টের পর সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে একান্ত আলাপের স্মৃতিও তুলে ধরেন ফাহাম। সে সময় মির্জা ফখরুল তাকে বলেছিলেন, জীবনের প্রধান কাজগুলো সম্পন্ন হয়েছে—খালেদা জিয়াকে মুক্ত করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি করা। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাকে নিজের ব্যর্থতা হিসেবেও তিনি দেখতেন বলে জানান ফাহাম।
ফাহাম আরও বলেন, তাদের পরিবারের কাছে খালেদা জিয়ার অবস্থান শুধু একজন রাজনৈতিক নেতার মতো নয়। মির্জা ফখরুলের মতো একজন নেতা পাওয়া কঠিন, যিনি নিজের ভালো-মন্দের চেয়ে দলের নেতার কথা আগে ভাবেন এবং তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন।
বিএনপির তরুণ নেতাকর্মীদের অনেকে মির্জা ফখরুলকে ‘বাংলাদেশের মহাসচিব’ বলে থাকেন উল্লেখ করে ফাহাম বলেন, এর মধ্যে যথেষ্ট সত্যতা রয়েছে। তার মতে, মির্জা ফখরুল বিএনপির আগে বাংলাদেশকে দেখেন। তার দৃষ্টিভঙ্গি সবার পছন্দ নাও হতে পারে, তবে তিনি যা বিশ্বাস করেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন।
দেশে গণতন্ত্র চর্চার প্রসঙ্গে ফাহাম বলেন, বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় কোনো নেতার পক্ষেই শতভাগ গণতন্ত্র চর্চা করা সহজ নয়। তারপরও মির্জা ফখরুল সারাজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করে গেছেন এবং সুযোগ পেলে সবার আগে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে একই সঙ্গে আনন্দ ও হতাশার বিষয় হিসেবে উল্লেখ করেছেন ফাহাম। তার ভাষ্য, রাষ্ট্রপতি পদে এমন একজন মানুষ প্রয়োজন, যাকে জাতি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারে। সেই বিবেচনায় সঠিক ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে বলে মনে করেন তিনি। তবে বিএনপিতেও মির্জা ফখরুলের মতো একজন নেতার প্রয়োজন ছিল বলে উল্লেখ করে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন ফাহাম।
মির্জা ফখরুলের প্রতি আওয়ামী লীগের সমর্থকদের অভিনন্দনের কথাও পোস্টে উল্লেখ করেন ফাহাম। তার দাবি, জীবদ্দশায় অন্য কোনো বড় রাজনৈতিক নেতা এতটা ‘জেনুইন বাইপার্টিজান’ সমর্থন পেয়েছেন কি না, তা তার মনে পড়ে না।
ফাহাম আরও উল্লেখ করেন, মির্জা ফখরুল কোনো ‘মারদাঙ্গা রাজনীতিবিদ’ নন এবং বিএনপির ভেতরে তার নিজস্ব কোনো গ্রুপিংও নেই।