নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। ১০জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- আবু বক্কর, রাজ্জাক মিয়া, বিপুল মিয়া, রফি মিয়া, রহিস উদ্দিন, সেকুল মিয়া ও মিস্টার মিয়াসহ ৮ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রিয়শ্রী ইউনিয়নে কাওয়ালী বিন্নি গ্রামের জজ মিয়া ও নজরুল মিয়ার পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক করেন।
উভয়পক্ষ সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিলেও আজ দুপুরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি চলে গেছেন এবং বেশ কিছু লোক স্থানীয় পল্লী চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তায়েব হোসেন জানান, বিকালে সংঘর্ষের আহত রোগী হাসপাতালে এসেছিল। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।