লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে দায়িত্ব পালন না করে ব্যক্তিগত বিরোধের জেরে প্রতিপক্ষের চলাচলের পথে থাকা গেইটে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকটি পরিবারের লোকজন ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল মৌহারীর কাছ থেকে ঘরের ভিটাসহ জমি দলিল করেন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক। ওই ঘরে ভাড়াটিয়ারা বসবাস করায় তাদের চলাচলের পথ বন্ধ করার উদ্দেশ্যে মোজাম্মেল মৌহারীর ভাই ছায়েদ হাওলাদার ও চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন মিলে প্রধান চলাচলের পথের গেইটে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
এতে ভাড়াটিয়াসহ আশপাশের প্রায় ৪-৫টি পরিবারের লোকজন চলাচলে সমস্যায় পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলছিল। এ সময় প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিদ্যালয়ে দায়িত্ব পালনের কথা থাকলেও তাকে বিরোধপূর্ণ স্থানে অবস্থান করতে দেখা যায়। পরে প্রতিপক্ষের বাড়ি থেকে বের হওয়ার প্রধান পথের গেইটে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফারুক হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি স্কুলেই আছি।” তবে অভিযোগকারীদের দাবি, ঘটনার সময় তাকে বিদ্যালয়ের পরিবর্তে বিরোধপূর্ণ স্থানে দেখা গেছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, “স্কুল চলাকালীন কোনো শিক্ষক বা প্রধান শিক্ষকের বিদ্যালয় থেকে বাইরে থাকার কোনো সুযোগ নেই। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে এবং তার সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।