রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীকে প্রথমে মনোনয়নপত্র জমা দিতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।
তিনি বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব। তিনি এখনো মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে গুঞ্জন উল্লেখ করে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ডা. জাহিদ বলেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর শপথ নেওয়ার আগে পদত্যাগের বিষয়টি আসবে।
মন্ত্রিসভা বা দলের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে এটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে জনগণের স্বার্থে দায়িত্বে পরিবর্তন আনতে পারেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে বিএনপির দুই নেতার বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।